আটকের পর নির্যাতনে তরুণের মৃত্যু, পুলিশের দাবি সড়ক দুর্ঘটনা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৯ এএম

নরসিংদীর পলাশে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে শেরখান মিয়া (২৩) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। তবে পুলিশের দাবি, আটক করার পর পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হন শেরখান। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেকের কর্তব্য চিকিৎসক

জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে শেরখান মারা যান। তার বাবার নাম খোরশেদ আলম। গ্রামের বাড়ি পলাশ উপজেলার পাঁচভাগ গ্রামে।

ঢামেকে গতকাল সাংবাদিকদের কাছে নিহতের বড় ভাই ফারুক দাবি করেন, গত রবিবার সন্ধ্যায় নরসিংদীর পলাশ থানার বড়াবো মোড় বাজার থেকে তিনটি মোটরসাইকেলে ৬ জন পোশাকধারী পুলিশ শেরখানকে আটক করে। যেতে না চাইলে পুলিশ তাকে সেখানেই মারধর করে। মাথার দুই পাশে দুই হাত দিয়ে থাবা মারতে থাকে পুলিশ। একপর্যায়ে শেরখানকে জোর করে থানায় নিয়ে যাওয়া হয়। ইয়াবা সেবন করেছেÑ এমন অভিযোগে থানাতেও আরেক দফা পেটানো হয়। এতে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে প্রথমে পলাশ উপজেলার একটি হাসপাতলে চিকিৎসা করায়। পরে থানায় নিলে আবার অসুস্থ হয় শেরখান। এরপর আবার সেই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৭টার দিকে মারা যায় শেরখান। পুলিশের নির্যাতনেই তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

নির্যাতনে মৃত্যুর অভিযোগ অস্বীকার করে পলাশ থানার ওসি শেখ নাসির উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘শেরখান এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাও রয়েছে। ঘটনার দিন তার কাছ থেকে ৩৬ পিস ইয়াবা জব্দ করা হয়। থানায় আনার পথে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় শেরখান মোটরসাইকেল থেকে লাফ দিয়ে পলানোর চেষ্টা করলে পড়ে গিয়ে গুরুতর আহত হন।’

তিনি বলেন, ‘শেরখানের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এ জন্য ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।’

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল পুলিশের এমন দাবি উড়িয়ে দিয়ে ফারুক আরও বলেন, ‘রবিবার সন্ধ্যায় পুলিশ তাকে আটক করে থাকায় নিয়ে যায়। সেখানে প্রকাশ্যে নির্যাতন করা হয়। তাহলে সে কখন দুর্ঘটনায় আহত হলো?’

ঢামেক হাসপাতালের মৃত্যুসনদেও সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ রয়েছে। ভর্তি টিকিটেও লেখা, ‘হি ফল ফরম হুন্ডা’। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই আবদুল খান জানান, ‘কাল (আজ) তার ময়নাতদন্ত করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত