লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির পুত্রের বাড়ীতে (ভেজালের বাড়ী) আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর। বৃহস্পতিবার সকাল ৭টায় একই বাড়ীর দিনমজুর বাহার মিয়ার ঘরের বিদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয়রা।
দিনমজুর বাহার মিয়া জানান, সকাল ৭টায় হঠাৎ তার ঘরের বিদ্যুতের মিটার থেকে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। কেউ কিছু বুঝে উঠার আগেই পাশের ঘরগুলোতে আগুন লেগে যায়। আগুনে পাশের দিনমজুর বাবুল মিয়ার ব্যবসার কাজে ঘরে রাখা নগদ এক লাখ টাকাসহ কৃষক শাহাজাহান মিয়া, নজরুল ইসলাম, হারুন, আবদুর রহিম, রিকশাচালক রাসেল, শাহ আলম সালেহ আহম্মেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় লোকজন আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে এসে নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও মুহূর্তের মধ্যে ৯টি বসতঘর ও মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনায় বাড়ির অন্য ঘরগুলো রক্ষা পায়।
ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক মজিবকে মোবাইলে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি।
ইউপি সদস্য শাহ আলম ও শাহাব উদ্দিন জানান, এত ভোরবেলায় আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। উক্ত বসতঘর গুলোসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি মো. হুমায়ুন রশিদ বলেন, আমি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। আমাকে কেউ জানায়নি। তবে আমি মিটিং শেষে ঘটনাস্থলে যাবো।
