বিরুদ্ধমত দমনে চীনের হয়ে কাজ করছে টিকটক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৩ পিএম

চীনা সরকারের বিরুদ্ধে সংবেদনশীল রাজনৈতিক বক্তব্য সেন্সর করছে টিকটক। চীনা ভিডিও শেয়ারিং অ্যাপটি এ সংক্রান্ত একটি মডারেশন গাইডলাইন অনুসরণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।

ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানায়, তিয়েনআনমেন স্কয়ারের বিক্ষোভকারী, তিব্বতের স্বাধীনতাকামী এবং ধর্মীয় গোষ্ঠী ফালুন গংয়ের কনটেন্ট টিকটকে অনেকটাই নিষিদ্ধ। তাদের যে কোনো ধরনের ভিডিও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়।

তবে গার্ডিয়ানের এমন দাবি নাকচ করে দিয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স। তারা জানায়, টিকটকের পুরোনো গাইডলাইনকে নিয়ে গার্ডিয়ান এমনটা দাবি করেছে। যেখান থেকে ভিডিও শেয়ারিং অ্যাপটি পর্যায়ক্রমে বেরিয়ে এসেছে।

কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যমটির অনুসন্ধানে উঠে এসেছে, রাজনৈতিক কারণে হংকংয়ের বিক্ষোভকারীদের কনটেন্টগুলোও নিয়ন্ত্রণ করেছে টিকটক। 

দেখা যাচ্ছে, নিজস্ব নীতি লঙ্ঘনের কারণে টিকটকের অনেক কনটেন্টকে চিহ্নিত করা হয়েছে, কিছু কনটেন্ট মুছেও ফেলা হয়েছে। আবার কিছু কনটেন্ট শুধু নিজেই দেখতে পারবে বলে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এভাবেই টিকটকের কনটেন্ট নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।

এমনকি তাইওয়ান ও চীনা সংখ্যালঘু মুসলিমদের কনটেন্টও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে গার্ডিয়ান দাবি করে। সরকারের বিরুদ্ধে রাজনৈতিক ও ধর্মীয় বক্তব্য প্রচার রুখতে বেইজিংয়ের হয়ে এমন নীতি অনুসরণ করছে টিকটক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত