বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে আবারও সরগরম হয়ে উঠছে চলচ্চিত্রাঙ্গন। এবারের নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী।
মৌসুমী বলেন, ‘চলচ্চিত্র আমার পরিবার। এর সঙ্গে আমার সম্পর্ক আত্মার। তাদের জন্য সমসময় কাজ করে যেতে চেয়েছি। তাই এবার সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তফসিল ঘোষণার পর সবকিছু জানাতে চাই।’
মৌসুমীর এ ঘোষণা শিল্পী সমিতির ইতিহাসে নতুন রেকর্ড গড়ল। কারণ এর আগে কোনো নারী অভিনয়শিল্পী সভাপতি প্রার্থী হননি।
এদিকে আজ (বৃহস্পতিবার) জানা গেল চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে নির্বাচনী জুটি গড়ছেন অভিনেতা ডিএ তায়েব। দেশ রূপান্তরকে ডিএ তায়েব বলেন, ‘আমি এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতে যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে মৌসুমী-ডিএ তায়েব প্যানেলে সব প্রিয় তারকারা থাকবেন।’
ইতিমধ্যেই এই প্যানেল থেকে নির্বাচন করার কথা শোনা যাচ্ছে জনপ্রিয় চিত্রতারকা ফেরদৌস, রিয়াজ, অমিত হাসান, পপি, পূর্ণিমার।
ডিএ তায়েব জানিয়েছেন. শাকিব খান থেকে শুরু করে বেশির ভাগ তারকাই এই প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছেন।
অন্য প্যানেল থেকে সভাপতি নির্বাচন করবেন মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন জায়েদ থাকবেন।
উল্লেখ্য, গত ২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়। নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যেই তফসিল ঘোষণা করতে হবে। কিন্তু নানা কারণে এখন পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি।
বর্তমান সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে। আর নির্বাচন হবে ১৮ অক্টোবর। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন ইলিয়াস কাঞ্চন।
