মায়ের জানাজায় অংশ নিয়ে কারাগারে ফিরে গেলেন প্যারোলে মুক্তি পাওয়া অর্থপাচার মামলায় দণ্ডিত তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর গিয়াসউদ্দিন আল মামুন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত (৪ ঘণ্টা) প্যারোলে মুক্তি পান সাজাপ্রাপ্ত আসামি মামুন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, গিয়াসউদ্দিন আল মামুনকে তার মায়ের মৃত্যুর কারণে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময় শেষে দুপুর ১টা ২০ মিনিটে ফের তাকে কারাগারে নিয়ে আসা হয়।
গত বুধবার ভোরে মামুনের মা হালিমা খাতুন বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মামুনের বড় ভাই জালালউদ্দিন রুমি ওইদিনই তার প্যারোলে মুক্তির আবেদন করেন।
