ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে সিদ্ধান্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানান।
ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল ইসলাম শয়ন ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন করলে সব সদস্য সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি সমর্থন করেন। সভা শেষে অধ্যাপক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মূল্যবোধ ও চেতনার জায়গা। সুতরাং এখানে ধর্মভিত্তিক, সাম্প্রদায়িক রাজনীতি চর্চার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে ডাকসুর গঠনতন্ত্র এবং বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে যেন একটি ধারা সংযোজন করা হয়, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আহ্বান জানানো হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটে আলোচনা উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন বলেন, ‘এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অলিখিতভাবে ধর্মভিত্তিক মৌলবাদী ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। পরিবেশ পরিষদের সভায় সামরিক স্বৈরাচারের মদদপুষ্ট সংগঠন জাতীয় ছাত্র সমাজ এবং ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম নিষিদ্ধ ছিল। এটি কোনো প্রস্তাব নয়, একটি সিদ্ধান্ত। আজ থেকে সব ধর্মভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ।’
ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুপস্থিতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে সাদ্দাম বলেন, ব্যক্তিগত কারণে তিনি আজকের সভায় উপস্থিত থাকতে পারেননি।
এদিকে গতকালের বৈঠকে সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর উপস্থিত থাকলেও বের হয়ে যাওয়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকরা তার বক্তব্য চাইলে তিনি ‘ব্যস্ত আছেন’ বলে দ্রুত চলে যান।
