ফেনীর পরশুরামের সীমান্তবর্তী এলাকা থেকে ঘাসের বস্তা থেকে সাড়ে চার লাখ টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার বিলোনিয়ার বাউর পাথর থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, ওই দিন সকালে পরশুরাম বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. রফিকুল ইসলাম টহল দেওয়ার সময় বস্তাসহ রতন চন্দ্র সরকারকে (৫৫) সন্দেহ হয়। পরে বিজিবি সদস্যরা বস্তা তল্লাশি করে ঘাসের ভেতর থেকে সাড়ে চার লাখ টাকা উদ্ধার ও তাকে আটক করে। তিনি পরশুরাম পৌর এলাকার সতীশ চন্দ্র সরকারের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
বিজিবির হাবিলদার মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন চন্দ্র সরকার জানিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারত থেকে ফেনী শহরের এক ব্যক্তির হয়ে টাকাগুলো নিয়ে আসতেন। পরে ওই ব্যক্তি গাড়িযোগে পরশুরাম থেকে টাকাগুলো নিয়ে যেতেন। বিগত প্রায় ছয় মাস ধরে তিনি এ কাজ করছেন বলেও জানান। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
