সংসদীয় কমিটির প্রতিবেদন

৩৫ শতাংশ যৌন নির্যাতনের শিকার সৌদিফেরত নারীরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৯, ০৪:১৩ এএম

সৌদি আরব থেকে গত ২৬ আগস্ট ফেরত আসা নারী গৃহশ্রমিকদের মধ্যে ৩৫ শতাংশ শারীরিক ও যৌন নির্যাতনের কারণে ফিরেছেন বলে প্রতিবেদন দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ। তবে বৈঠকে প্রতিবেদনের  বিষয়ে আলোচনা হয়নি। এতদিন সৌদি আরব থেকে ফিরে আসা বাংলাদেশি নারী কর্মীরা সেখানে যৌন নির্যাতনের অভিযোগ করলেও তা নিয়ে নীরব ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

প্রতিবেদনে বলা হয়, ফেরত আসা নারীদের মধ্যে ৪৮ জন নারীকে নিয়মিত বেতন-ভাতা দেওয়া হতো না। এমনও হয়েছে যে, একই নারীকে যৌন নির্যাতন করা হতো আবার বেতন-ভাতাও দেওয়া হয়নি। মন্ত্রণালয় ফিরে আসা নারীদের মোট ১১টি কারণ চিহ্নিত করেছে। এর মধ্যে নিয়মিত বেতন না দেওয়ায় ৪৮ জন, পর্যাপ্ত খাবার না দেওয়ায় ২৩ জন, শারীরিক ও যৌন নির্যাতন ৩৮ জন, ছুটি না দেওয়ায় ৪ জন, একাধিক বাড়িতে কাজ করানোয় ৭ জন, অন্য কফিলের কাছে বিক্রি করে দেওয়ায় ১ জন, শারীরিক অসুস্থতার কারণে ১০ জন, পারিবারিক কারণে ১ জন, ভিসার মেয়াদ না থাকায় ৮ জন, চুক্তি (দুই বছর) শেষ হওয়ায় ১৬ জন এবং অন্যান্য কারণে ২ জন দেশে ফিরেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১১০ জন নারীর মধ্যে ৩৮ জন নারী শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন। আর ৪৮ জন নারী নিয়মিত বেতন-ভাতা পেতেন না। এসব কারণের পাশাপাশি অন্তত ২৩ জন নারী জানিয়েছেন, তাদের পর্যাপ্ত খাবার দেওয়া হতো না। ৩৪ জন নারী সৌদি আরব যাওয়ার ১ থেকে ৬ মাসের মধ্যে দেশে ফিরে আসেন।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য বর্তমানে বিশ্বের ২৬টি দেশে বাংলাদেশ মিশনে মোট ২৯টি শ্রমকল্যাণ উইং চালু রয়েছে। এ ছাড়া নতুন শ্রমবাজার অনুসন্ধান, শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে বোয়েসেল জাপানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মী প্রেরণের পদক্ষেপ নিয়েছে।

সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন, মৃণাল কান্তি দাস, আয়েশা ফেরদাউস, পঙ্কজ নাথ ও সাদেক খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত