বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে ১৭ কোটি টাকার যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেটি নিজেদের মতো করে ‘অডিট’ করতে চান বিভাগীয় ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব তরফদার রুহুল আমিন।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে জেলা ও বিভাগের ফুটবল কর্মকর্তাদের উপস্থিতিতে দেশের সামগ্রিক ফুটবল নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিডিডিএফএ। সেখানে রুহুল আমিন সাফ জানিয়ে দেন, বাফুফের বিরুদ্ধে ওঠা দুর্নীতির দায় কাউন্সিলররা বহন করবেন না।
একই সঙ্গে আগামী ১৬ নভেম্বর বাফুফের বহুল আলোচিত বার্ষিক সাধারণ সভার আগে কাউন্সিলরদের কাছে বিগত তিন বছরের আর্থিক বিবরণী পাঠানোর অনুরোধ জানান তিনি। যাতে কাউন্সিলররা আর্থিক বিবরণী পর্যবেক্ষণ করে তাদের মতামত দিতে পারেন।
বাফুফের দুজন সহসভাপতি বাদল রায় এবং মহিউদ্দিন আহমেদ বাফুফের বিরুদ্ধে তিন বছরের আর্থিক বিবরণীতে যে ১৭ কোটি টাকার অসংগতির কথা তুলেছেন সে প্রসঙ্গে রুহুল আমিন বলেন, ‘আমরা বাফুফের বিরুদ্ধে নই। তারা আমাদের অভিভাবক সংস্থা। আমরা চাই তাদের আর্থিক বিবরণী এজিএমে অনুমোদন করতে। কিন্তু তারা তো এখনো কাউন্সিলরদের কাছে আর্থিক বিবরণী পাঠায়নি। সেটা পাঠালে আমরা নিজস্ব অডিটর দিয়ে সেগুলো অডিট করিয়ে দেখব বাফুফের বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের বিষয়টি সঠিক কি না।’
