সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:১৮ এএম

ক্যাসিনো বন্ধ করার যে অভিযান শুরু হয়েছে তা চলতে থাকবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেছেন, দেশের সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হবে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে জঙ্গিবিরোধী অভিযানে সক্ষমতাসংবলিত র‌্যাবের বিশেষ মহড়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন বেনজীর আহমেদ।

র‌্যাবপ্রধান বলেন, ‘আমাদের টার্গেট ছিল ক্যাসিনো থাকবে না। আমরা সব ক্যাসিনো গুঁড়িয়ে দিয়েছি। এখন এটা করতে গিয়ে হয়তো আরও অন্যান্য ইস্যু বেরিয়ে আসছে। আমি দয়া করে অনুরোধ করব, কোনো ধরনের গুজব ছড়াবেন না। আতঙ্ক ছড়াবেন না। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভালো করতে গিয়ে দেশ পিছিয়ে যাক সেটা আমরা চাই না।’

ক্যাসিনো নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে মন্তব্য করে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘কেউ বলছেন ঢাকায় ৬০টি ক্যাসিনো রয়েছে, কেউ বলছেন ১৫০টি, আবার কেউ বলছেন ৬০০টি ক্যাসিনো রয়েছে। তালিকাটা কোথায়, ভাইয়া? আই হ্যাভ ক্লিয়ার স্টেটমেন্টÑ আমরা ক্যাসিনো বন্ধ করার অভিযানে নেমেছি। ক্যাসিনোকে আমরা ডিসমেন্টল করে দেব। ক্লিয়ার?’

তিনি বলেন, ‘ক্যাসিনো নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা শুদ্ধি অভিযান চলছিল। যেটা পরে মুখ থুবড়ে পড়েছিল। এখন একটি শুদ্ধি অভিযান চলছে। সেটা হয়তো আরও প্রসারিত হবে। এখন রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী, সরকারি দপ্তরের বর্তমান ও সাবেক ইঞ্জিনিয়ার, যাদের সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। দুদক কাজ করছে। সরকারের উদ্যোগে দেশবাসীর সমর্থন রয়েছে। দয়া করে কেউ গুজব ছড়াবেন না, তাতে অভিযানের ক্রেডিবেলিটি নষ্ট হয়ে যায়। আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকতে চাই।’

শুক্রবার বিকেল ৪টায় বনানীর নরডিক হোটেলে শুরু হয় মহড়া। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিসহ র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত