নবম দিনে আন্দোলন

বশেমুরবিপ্রবির উপাচার্যকে লাল কার্ড

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ০২:২২ এএম

উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে টানা নবম দিনের মতো আন্দোলন চলছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। গতকাল শুক্রবার সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তার অপসারণ দাবি করে স্লোগান দেন আন্দোলনকারীরা। এদিন নাসিরউদ্দিনের কুশপুত্তলিকাও দাহ করেন তারা। বিকেলে তাকে প্রতীকী লাল কার্ডও প্রদর্শন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের দাবিতে প্রতীকী অর্থে এই লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন তারা। এক আন্দোলনকারী বলেন, লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে উপাচার্যকে ক্যাম্পাস ছাড়ার আহ্বান জানাচ্ছি। আমরা চাই তিনি দ্রুত পদত্যাগ করুন।

এর আগে সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে উপাচার্যের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টায় উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করে তার অপসারণের দাবি জানান তারা। এই এক দফা দাবিতে গতকাল রাত ৮টায় মশাল মিছিলও করেন শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্রসঙ্গত, ১৯ সেপ্টেম্বর দুর্নীতি, অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, নারী কেলেঙ্কারি ও বাকস্বাধীনতাসহ নানান অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত শনিবার বিশ্ববিদ্যালয়সংলগ্ন গোবরা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়। এ জন্য তারা উপাচার্যকে দায়ী করে তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন শুরু করেন। পরে এ আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিছু অংশ এবং জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত