ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অভিষেকটা সুখকর হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ লিটন দাসের। সেন্ট লুসিয়া জুকসের কাছে হার নিয়ে ফিরেছে তার দল জ্যামাইকা তেলাওয়াস।
সেন্ট লুসিয়ার ড্যারেন সামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে শেষ হওয়া ম্যাচটিতে ৪ উইকেটে হারে লিটনরা। টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে ৭ উইকেটে ১৬৫ রান করে জ্যামাইকা। জবাবে পাঁচ বল রেখেই ৬ উইকেট হারিয়ে ১৬৯ রান করে সেন্ট লুসিয়া।
অভিষেক ম্যাচে লিটনের খুব খারাপ করেননি। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে কেসরিক উইলিয়ামসের বলে কট অ্যান্ড বোল্ড হওয়ার আগে ২১ বল খেলে এক চারে করেছেন ২১ রান। ছোট্ট ইনিংসটি খেলার পথে ড্যারেন স্মিথের সঙ্গে তৃতীয় উইকেটে ৫৬ রানের জুটি গড়েন লিটন।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ক্রিস গেইল, লিটনদের দল জ্যামাইকার বিদায় আগেই নিশ্চিত। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ৪ অক্টোবর গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে তারা।
সিপিএল টি-টোয়েন্টি খেলতে সাকিবও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি জমিয়েছেন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার খেলবেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। রোববার সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে সাকিবকে।
