আগের ম্যাচে জালের দেখা পাননি নেইমার। ফ্রেঞ্চ লিগে পিএসজিও পায়নি জয়ের দেখা। শনিবার বোর্দোর বিপক্ষে অবশ্য জাল খুঁজে পেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পিএসজিও ফিরল চেনা ছন্দে। এদিন প্রতিপক্ষের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি।
মাসেলে চোটের কারণে ২৫ আগস্টের পর থেকে মাঠের বাইরে ছিলেন কিলিয়ান এমবাপে। এ ম্যাচেই প্রত্যাবর্তন হলো তার। ফেরাটাও স্মরণীয় করে রেখেছেন ফরাসি তারকা। ৭০ মিনিটে নেইমার যে গোলটি করেন, সেটির জোগান দাতা ছিলেন এমবাপেই।
৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপে। তার আগ পর্যন্ত দাপুটে নৈপুণ্য দেখালেও গোল পাচ্ছিল না পিএসজি। শেষ পর্যন্ত এমবাপে-নেইমার জুটিতে রক্ষা টমাস টুখেলের দলের।
লিগে অষ্টম ম্যাচে এটি ষষ্ঠ জয় পিএসজির। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
