কেউ বসা নেই। কেউ ঠেলছে না। তবু হাসপাতালের প্রবেশপথ বেয়ে নেমে যাচ্ছে হুইলচেয়ার! সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিওকে ‘ভৌতিক’ দাবি করে ভাইরাল বানানো হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি চণ্ডীগড়ের পোস্ট-গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ হাসপাতালের। সিসিটিভি ফুটেজ থেকে ক্লিপটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে।
ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, রাতের আলো-আঁধারিতে হাসপাতালের বারান্দা দিয়ে হুইলচেয়ার ‘হাঁটছে’।
অনেক ফেইসবুক ব্যবহারকারী বলছেন, এডিট করে এমন ভিডিও তৈরি করা হয়েছে। আবার অনেকে বলছেন, এর মধ্যে অলৌকিক কিছু নেই। বারান্দার যে দিকে ঢাল ছিল সেদিকেই হুইলচেয়ারটি গড়িয়ে গেছে।
হাসপাতালের নিরাপত্তাকর্মী মনোজ কুমারই প্রথম গোটা ঘটনা লক্ষ্য করেন। তিনি পানি নিতে বাইরে গিয়েছিলেন। তখনই দেখেন, বারান্দায় রাখা হুইলচেয়ার নিজে থেকে এগিয়ে যাচ্ছে।
হাসপাতালে দীর্ঘদিন কাজ করা আরেকজন কর্মী বলেন, ‘এমন ঘটনা আগেও দেখেছি। আসলে হুইলচেয়ারে ব্রেক লাগানো না থাকলে তা সহজে গড়াতে পারে। তাই একটু জোরে বাতাস হওয়ায় গড়িয়ে গেছে।’
ওই কর্মীর কথার যুক্তি আছে। কারণ হাসপাতালের ওই জায়গায় টবে রাখা গাছের পাতাও বাতাসে নড়তে দেখা গেছে।
