অন্তর্ভুক্তিমূলক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাংলাদেশ নিজস্ব কৌশল গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। রাজধানীর একটি হোটেলে গতকাল ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) এবং এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আয়োজিত দ্বিতীয় আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক ব্যবসা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্যের পর বাংলাদেশ এখন টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে। শিল্প খাতের ক্রমাগত প্রবৃদ্ধি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
ডিবিসিসিআইর প্রেসিডেন্ট ফারুক হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভারওয়েজ, সুইডেনের রাষ্ট্রদূত সার্লোট্টা সøাইটার ও বাংলাদেশে এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কান্ট্রি ডিরেক্টর জেসন বেলেঞ্জার উপস্থিত ছিলেন। শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। সরকারের শিল্পবান্ধব নীতির ফলে এ দেশ দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। বেসরকারি খাত বিকাশে শিল্প মন্ত্রণালয় ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। এতে দেশে অন্তর্ভুক্তিমূলক ব্যবসার প্রসার ঘটছে। পাশাপাশি এলাকাভিত্তিক কাঁচামাল ব্যবহার করে নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। এ উদ্যোগ তৃণমূল জনগোষ্ঠীকে শিল্পায়ন ও অর্থনৈতিক কর্মকা-ে সম্পৃক্ত করছে উল্লেখ করে তিনি বলেন, এ সম্মেলন দারিদ্র্য বিমোচন, অসমতা হ্রাস, সামাজিক অবিচার ও লিঙ্গবৈষম্য প্রতিরোধসহ, এসডিজির সব লক্ষ্য অর্জনে অংশীজনদের ভূমিকা জোরদার করবে। ফলে বাংলাদেশের শিল্পায়ন ও সামাজিক উন্নয়নে ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণ বাড়বে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। বক্তারা বলেন, অন্তর্ভুক্তিমূলক ব্যবসা প্রসারে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা জোরদার করতে হবে।
দিনব্যাপী এ সম্মেলনে ‘স্যানিটেশন ব্যবসায় জেন্ডার অন্তর্ভুক্তি’, কৃষি ও খাদ্য নিরাপত্তা’, ‘তৈরি পোশাককর্মীদের জন্য স্বাস্থ্যসেবার নিশ্চয়তা’ ও ‘তৈরি পোশাক খাতে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ’ শীর্ষক চারটি পৃথক প্ল্যানারি সেশন হয়।’
