দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত এর সংখ্যা ছিল ১ হাজার ৫৭৭। এর আগের দিন সকাল ৮টায় এ সংখ্যা ছিল ১ হাজার ৭০৯। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪২, যা আগের ২৪ ঘণ্টায় ছিল ৩৬০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ডেঙ্গু সন্দেহে ২৩১ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এদের মধ্যে অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পর্যালোচনায় দেখা যায়, ১৩৬ মৃত্যুর মধ্যে ৮১টি ডেঙ্গুজ্বরে হয়েছে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত রোগীর মধ্যে রাজধানীর ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮ জন এবং রাজধানীর বাইরে ২৪৪ জন। এ সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৪৭৪ জন।
চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৬০৫ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৫ হাজার ৭৯৭ জন। গতকাল সকাল পর্যন্ত হাসপাতালে
ভর্তি ছিল ১ হাজার ৫৭৭ জন। এর মধ্যে রাজধানীতে ৫৮৩ ও রাজধানীর বাইরে ৯৯৪ জন। চলতি বছর মোট ভর্তি রোগীর মধ্যে ৯৮ শতাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা গেছে।
