ফেইসবুকে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের নামে অর্ধশতাধিক ফেইসবুক আইডি খোলা হয়েছে। যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে এসব আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ করেছেন জয়। শাহবাগ থানায় সেটি সাধারণ ডায়েরি (জিডি) আকারে লিপিবদ্ধ করা হয়েছে।
গত শনিবার রাত ১০টার দিকে শাহবাগ থানায় লিখিত অভিযোগটি জমা দেন জয়। অভিযোগে জয় উল্লেখ করেন, ‘ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হওয়ার পর থেকে আমার নামে প্রায় ৪০ এর অধিক ভুয়া ফেইসবুক অ্যাকউন্ট খোলা হয়েছে। যার জন্য আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।এই আইডিগুলো থেকে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানোর সম্ভাবনা রয়েছে। যার জন্য আমি নিজেকে অনিরাপদ মনে করছি।’
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আরও বলেন, ‘নেতাকর্মীরা যেন বিভ্রান্ত না হয় সেজন্য তাদের বিষয়টি জানিয়েছিলাম। তারপরও বাড়তি সতর্কতা হিসেবে থানায় লিখিত অভিযোগ করেছি। এসব ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছি।’
শাহবাগ থানার ওসি আবুল হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জয়ের নাম ও ছবি ব্যবহার করে অনেকগুলো ফেইসবুক আইডি এবং পেজ খোলা হয়েছে। সে কারণে তিনি একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
