শুধু ক্যাসিনোর বিরুদ্ধে নয় চলমান অভিযান, সব অপরাধের বিরুদ্ধে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে তাদের সবার বিরুদ্ধে এই অভিযান।’ গতকাল
রবিবার সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে আমাদের অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সে জন্যই আমরা যে-ই অন্যায় করুক, জনপ্রতিনিধি বা কর্মচারী যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে।’
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এ সময় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা ৭ সারিতে মার্চ পাস্ট করে প্রধান অতিথিকে অভিবাদন প্রদান করেন। পরে প্রধান অতিথি তিনজন কৃতী প্রশিক্ষণার্থী কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ করেন। রবিউল ইসলাম শ্রেষ্ঠ ড্রিল, কাওসার জাহান শ্রেষ্ঠ ফায়ারার ও আমিনুল ইসলাম চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে পুরস্কার অর্জন করেন।
প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন নিয়োগপ্রাপ্ত মোট ৩২ জন চৌকস কর্মকর্তা ১৫ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ ও এমএস কোর্স সমাপনী কুচকাওয়াজে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, উপমহাপরিচালক নিমাই কুমার দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
