অঘটনের শিকার জিম্বাবুয়ে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ০২:২৪ এএম

টি-টোয়েন্টিতে সিঙ্গাপুরের র‌্যাংকিং ২১। এখনো তারা আইসিসির অ্যাসোসিয়েট মেম্বার। সেই সিঙ্গাপুরের কাছেই হেরে গেল জিম্বাবুয়ে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক সিঙ্গাপুর ৪ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাদের প্রথম জয়। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওভার কমিয়ে ১৮ করা হয়। সিঙ্গাপুর আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮১ রান তোলে। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৭৭ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস।
সিঙ্গাপুরের হয়ে টিম ডেভিড ও মানপ্রিত সিং দুজনই করেন ৪১ করে। টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৬৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৭৯ রানের জুটি গড়েন শেন উইলিয়ামস ও মুতোমবোদজি। মুতোমবোদজি ফেরেন ৩২ রানে। এরপর ৩৫ বলে ৬৬ করে দলীয় ১৬৫ রানে ফেরেন উইলিয়ামসও। তার ইনিংসে ছিল ৫ চার ও ৫ ছক্কা। জয়ের জন্য তখন জিম্বাবুয়ের দরকার ১৪ বলে ১৯ রান। হাতে ৬ উইকেট। কিন্তু পরের ওভারে মাত্র ৭ রান দিয়ে রায়ান বার্ল (৫) ও মুতুমবামিকে (৫) ফিরিয়ে ম্যাচের লাগাম নিজেদের দিকে ফেরান পেসার জানাক প্রাকাশ। শেষ ওভারে জয়ের জন্য দরকার ১০ রান হলেও ৫ রান নেয় জিম্বাবুয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত