ভারতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যাতে অন্তত ১৩৪ জন মারা গেছেন। বন্যা আক্রান্ত বিহার ও উত্তরপ্রদেশে বিপুলসংখ্যক প্রাণহানি ঘটে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, বিহার রাজ্যের পাটনা শহরসহ অধিকাংশ এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
বন্যায় আটকে থাকা মানুষকে উদ্ধারের জন্য বিমানবাহিনীর কাছে আবেদন করেছে রাজ্য সরকার।
আগামী ২৪ ঘণ্টায় রাজ্যে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে, চার মাসের মৌসুমি বৃষ্টির মাস সোমবার শেষ হলেও, মৌসুমি বায়ু এখনো সক্রিয় রয়েছে রাজস্থান, বিহার ও উত্তরপ্রদেশের ওপর।
এ দিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মীরা। পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। পাটনায় বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল-কলেজ।
প্রবল বর্ষণে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাটনা স্টেশনে আটকে রয়েছেন বহু যাত্রী।
অন্যদিকে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও রাজস্থানের বন্যা পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। পাশাপাশি দুর্গাপুর, ঝাড়খণ্ড ও বিহারের বাঁধ থেকে পানি ছাড়া শুরু হয়েছে। এর জেরে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়তে পারে বলে জানা গেছে।
