আদিত্য চোপড়ার ঘরনি হওয়ার পর থেকে রানি মুখার্জি সিনেমায় অনিয়মিত। এবার তিনি দেখা দিচ্ছেন হিট সিনেমা ‘মর্দানি’র সিক্যুয়ালে। আগের কিস্তির মতো মারকুটে পুলিশ অফিসার চরিত্রে পর্দা কাঁপাবেন।
সোমবার প্রকাশ হয়েছে ‘মর্দানি টু’ সিনেমার টিজার। এই নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এইসময় লিখেছে, এর মাধ্যমে বলিউডেও দেবীপক্ষ শুরু হয়ে গেল। আসলেও তা-ই।
দুর্নীতি ও অপরাধ জগতের গভীরে গিয়ে পুলিশের দাপট দেখানো এক নারী পুলিশের ভূমিকায় ফের দেখা যাবে রানিকে। রয়েছে অ্যাকশন ও দুর্দান্ত ডায়ালগ। আর সব মিলিয়ে টিজারেই চোখ ঝলসে দিয়েছেন এক সময়ের জনপ্রিয় এই নায়িকা।
সিনেমার শুটিং শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিকে। জয়পুর, কোটা-সহ রাজস্থানের বিভিন্ন এলাকায় দৃশ্যায়ন হয়েছে। পরিচালক গোপী পুথরাণের ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৩ ডিসেম্বর।
মাতৃত্বের বিরতির আগে রানির সর্বশেষ সিনেমা ছিল ‘মর্দানি’। এর পর ‘হিচকি’ দিয়ে তার কামব্যাক হয় বলিউডে। বছর দুয়েক আগের সেই ছবিও বেশ সফল। ভারতের পাশাপাশি চীনেও দারুণ ব্যবসা করেছে।
