টস ভাগ্যটা মোটেও ভালো যাচ্ছিল না অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মাত্র এক ম্যাচে টসে জিতেছিলেন। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাই বেছে নিলেন অভিনব পন্থা। সতীর্থ অ্যালিসা হেলিকে দিয়ে টস করান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।
সিডনিতে অনুষ্ঠিত ম্যাচের টস পর্বে শ্রীলঙ্কা অধিনায়ক চামরি আতাপাত্তুর সঙ্গে টস পর্বে দাঁড়ালেন অ্যালিসা হেলি। অস্ট্রেলিয়া অধিনায়ক ম্যাগ ল্যানিং দাঁড়ালেন পেছনে। ধারাভাষ্যকার অ্যালিসা হেলিকে পরিচয় করিয়ে দিলেন ‘স্পেশালিস্ট কয়েন টসার’ হিসেবে। সবার মুখে তখন হাসি। অ্যালিসা হেলি শূন্যে মুদ্রা নিক্ষেপ করলেন। মজার ব্যাপার টসেও জিতে গেল অস্ট্রেলিয়া!
তবে হেলি মুদ্রা নিক্ষেপ করলেও আগে ব্যাটিং নেবেন না বোলিং সেই সিদ্ধান্তের কথা জানিয়েছেন অধিনায়ক ম্যাগ ল্যানিং। শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু ল্যানিং এবং হেলি দুজনের সঙ্গেই হাত মেলান। টস জিতে আগে ব্যাটিং বেছে নেন অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং।
ক্রিকেট ইতিহাসে ‘স্পেশালিস্ট কয়েন টসার’ যে এই প্রথম দেখল দর্শক, তা নয়। এর আগে টানা ছয় ম্যাচ টস হারায় ‘স্পেশালিস্ট কয়েন টসার’ এর শরণাপন্ন হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ দু প্লেসি। গেল বছর অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বাদশ খেলোয়াড় জেপি ডুমিনিকে দিয়ে টস করিয়েছিলেন দু প্লেসি। ডুমিনি সেদিন টসও জিতেছিলেন।
রবিবার অস্ট্রেলিয়ান নারী দল ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যে মজার এই টস পর্ব ছাড়াও অনন্য এক রেকর্ডও দেখেছে দর্শকেরা। রান তাড়া করতে নেমে প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু। ম্যাচটা ৪১ রানে জিতে নেয় অস্ট্রেলিয়ান নারী দল। সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টিও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে থাকতেই নিজেদের করেছে স্বাগতিকেরা।
