জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র তারা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে থাকতে চান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে কথাও বলেছেন ছাত্রদল নেতৃবৃন্দ। তবে উপাচার্য এ বিষয়ে তাদের কাছে সময় চেয়েছেন বলে জানান ছাত্রদল নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রদল। ২৩ সেপ্টেম্বর ছাত্রদলের ওপর হওয়া ছাত্রলীগের হামলার বিষয়ে প্রশাসনের পদক্ষেপ সম্পর্কে জানতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
সাক্ষাতের সময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য হল শাখার ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, ‘আমাদের ওপর ছাত্রলীগের হামলার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থার বিষয়ে জানতে আজকে উপাচার্য স্যারের সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। স্যার আমাদের আশ্বাস দিয়েছেন।’
তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে জানান খোকন।
ছাত্রদলের নেতাকর্মীদের হলে ওঠার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের নেতাকর্মীদের অধিকাংশেরই ছাত্রত্ব আছে। তাদের হলে ওঠার বিষয়ে উপাচার্য স্যারের সঙ্গে কথা বলেছি।’
এ বিষয়ে ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘আমাদের ওপর ছাত্রলীগের করা হামলার বিষয়ে প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে তা জানার জন্য উপাচার্যের সঙ্গে দেখা করেছিলাম। তিনি এ বিষয়ে কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেননি।’
উপাচার্য এ বিষয়টি এড়িয়ে গেছেন বলে অভিযোগ করেন শ্যামল।
ছাত্রদল নেতাকর্মীদের হলে ওঠার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে স্যার আমাদের কাছে সময় চেয়েছেন।’
উপাচার্য মো. আখতারুজ্জামান ছাত্রদল তার সঙ্গে দেখা করতে গিয়েছিল বলে জানান।
