বিচ্ছেদের জন্য কুচারকে দায়ী করলেন মুর

আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:২২ পিএম

অ্যাশটন কুচার ও মিলা কুনিসের মতো তারকা দম্পতির জীবনে এমন দিন খুব কমই আসে- যেদিন ক্যামেরা আর সব তারকা জগৎকে পেছনে ফেলে তারা শুধুই একটা সাধারণ পরিবারের মতোই সন্তানদের নিয়ে ঘুরে বেড়াবেন। ই-টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি চার বছর বয়সী মেয়ে ওয়ায়েট আর দুই বছর বয়সী ছেলে দিমিত্রিকে নিয়ে ডিজনিল্যান্ডে ঘুরেছেন তারা। সেই ছুটির দিনটা নাকি জাদুকরী ছিল।

ঠিক সে সময়টাতেই ডেমি মুর তার আত্মজীবনীমূলক বই ‘ইনসাইড আউট’-এ অ্যাশটন কুচার সম্পর্কে রগরগে তথ্য ফাঁস করে দিয়েছেন। মুরের তৃতীয় স্বামী ছিলেন অ্যাশটন কুচার। তার চেয়ে ১৫ বছরের ছোট কুচার। কুচার নাকি মুরের সঙ্গে প্রতারণা করেছেন। তাদের দাম্পত্য সম্পর্কে তৃতীয় নারীকে এনেছিলেন কুচার।

কুচারের সঙ্গে প্রেমের সময় একবার গর্ভপাত হয়েছিল ডেমি মুরের। এরপর আর গর্ভধারণ করেননি তিনি। কুচার ওই সময় অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন। একেবারে ভেঙে পড়েন মুর। কুচার তাকে মদপান করতে অনুপ্রাণিত করতেন। ওই সময় মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েন মুর। অবশ্য বই লেখার আগেও একাধিকবার তিনি এসব কথা জানিয়েছেন গণমাধ্যমকে।

কুচারকে মুর এতটাই ভালোবাসতেন যে, নিজের নাম পর্যন্ত পরিবর্তন করেছিলেন। অবশ্য ২০০৫ সালের সেই বিয়ে শেষ হয় ২০১১ সালে। যদিও আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আরও দুই বছর সময় লেগেছিল।

এসব নিয়ে যখন মার্কিন মিডিয়ায় তোলপাড় হয়েছে তখন কুচার টু-শব্দটি না করে দ্বিতীয় স্ত্রী আর বাচ্চাদের হাত ধরে ঘুরে বেড়িয়েছেন ডিজনিল্যান্ডে। যেন সাবেক স্ত্রী সব ফাঁস করে দিলেও তার কিছুই আসে-যায়নি। শুধু তাই নয়, স্লিপিং বিউটি ক্যাসলের সামনে কুচার স্ত্রী মিলা কুনিসের সঙ্গে একটি সেলফিও তুলেছেন। সেই সেলফি ইন্সটাগ্রামে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘স্বপ্নের মতো একটা ছুটির দিন কাটালাম। যা কিছু কল্পনা করা সম্ভব, তার সবই আছে ডিজনিল্যান্ডে। ওয়াল্ট ডিজনি লোকটার কল্পনাশক্তির প্রশংসা না করে উপায় নেই। তিনি মহান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত