আবারো অস্ট্রেলিয়ার নারী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ- বিগ ব্যাশে অংশ নেওয়ার সুযোগ মিলেছে রুমানা আহমেদের। তার সঙ্গী এবার উইকেটরক্ষক-ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। আইসিসির ওমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের অংশ হিসেবে বিগ ব্যাশে খেলবেন এই দুজন।
বিগ ব্যাশ শুরু হবে ১৮ অক্টোবর। তার আগে আইসিসির ওমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াড ৬টি টি-টোয়েন্টি খেলবে বিগ ব্যাশের দলগুলো সঙ্গে। ৯ থেকে ১৪ অক্টোবর হবে ম্যাচগুলো। এরপর ডেভেলপমেন্ট স্কোয়াডের খেলোয়াড়রা বিভিন্ন বিগ ব্যাশ দলে যোগ দেবেন।
নারী ক্রিকেট উন্নয়নের জন্য আইসিসির বিভিন্ন পদক্ষেপের একটি এই ওমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াড। ১৩ সদস্যের ডেভেলপমেন্ট স্কোয়াডে বাংলাদেশ ছাড়াও স্কটল্যান্ড, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি ও পাকিস্তানের নারী ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন।
বাংলাদেশে লেগ স্পিনিং অলরাউন্ডার রুমানা ২০১৮-১৯ মৌসুমে সুযোগ পেয়েছিলেন বিগ ব্যাশে। ব্রিসবেন হিটে ছিলেন তিনি। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। গেলবার তার সঙ্গে সুযোগ পেয়েছিলেন লেগ স্পিনার খাদিজা তুল কুবরা। এবার অবশ্য তার পরিবর্তে সুযোগ মিলেছে জ্যোতির।
আগামী ৩ অক্টোবর ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে খেলবেন রোমানা ও জ্যোতি। এরপরই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন তারা।
