বিপিএল নিয়ে সংশয়

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০১:৩২ এএম

নির্ধারিত সময়ে ‘বঙ্গবন্ধু বিপিএল’-এর মাঠে গড়ানো নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফ্র্যাঞ্চাইজিদের বাদ দিয়ে নতুন ভাবে এবার দেশের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্টটি করার ঘোষণা দিয়েছে বিসিবি। হাতে সময় আছে আর দুই মাস, কিন্তু টুর্নামেন্ট সংক্রান্ত কিছুই নাকি এখনো ঠিক হয়নি। তাই বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ৬ ডিসেম্বর টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে সংশয় আছে।

আগস্টে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, এ বছর অন্তত আগের মতো বিপিএল আয়োজন করা সম্ভব নয়। ফ্র্যাঞ্চাইজিদের ছাড়া তারা নিজেরাই টুর্নামেন্টটি চালাবে। সেই টুর্নামেন্ট শুরুর দিন আগের মতো ৬ ডিসেম্বরই রাখা হয়। কিন্তু এখনো টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন না হওয়ায় সঠিক সময়ে খেলা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ ব্যাপারে জালাল ইউনুস জানান, ‘আমরা ৬ ডিসেম্বর ধরেই এগোচ্ছি। কিন্তু এখনো বলতে পারছি না যে ওই তারিখেই শুরু হবে কি না। আরও কত দেরি হতে পারে সেটাই এখনো বলতে পরছি না। টুর্নামেন্ট সম্পর্কিত অনেক কাজই এখনো শেষ হয়নি, তাই নির্ধারিত সময়ে শুরু হবে কি না তা নিয়ে আমারও সংশয় আছে।’

কোন বিষয়গুলোর জন্য দেরি হয়ে যেতে পারে এ ব্যাপারে জালাল ইউনুস জানান, ‘যেহেতু এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক না স্পন্সরভিত্তিক তাই অনেক কিছু বদল করতে হবে। আমরা সাত দলের জন্য স্পন্সর চেয়েছি, সেখানে পাঁচ-ছয়টি প্রতিষ্ঠান স্পন্সর হওয়ার আগ্রহ দেখিয়েছে। তাদের সঙ্গে সমন্বয়ের ব্যাপারে বসতে হবে। এর আগে আমাদের টুর্নামেন্টের বাইলজ ঠিক করার জন্য বসতে হবে। ফরম্যাট ঠিক করতে হবে, ড্রাফটের ব্যাপারে আলোচনা করতে হবে। আমরা যত দ্রুত সম্ভব, এ মাসের মাঝামাঝি বসে সব ঠিক করব। ফরম্যাট হওয়ার পরই ড্রাফট হবে। খুব শিগগিরই আশা করি সব ঠিক হয়ে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত