ভারতের উত্তর প্রদেশে অবস্থানরত ‘বাংলাদেশি’ ও ‘অন্য বিদেশিদের’ শনাক্ত করতে রাজ্যের পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের মহাপরিচালকের লিখিত এক চিঠিতে সব জেলার পুলিশকে এই নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে এনডিটিভি। এ নির্দেশকে আসামের এনআরসির উত্তর প্রদেশীয় সংস্করণ হিসেবে দেখা হচ্ছে। রাজ্যটির সব জেলা পুলিশ প্রধানের কাছে পাঠানো চিঠিতে এ পদক্ষেপকে রাজ্যটির অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন উত্তর প্রদেশ পুলিশের মহাপরিচালক।
কথিত ‘বিদেশিদের’ জন্য ভুয়া নথিপত্র তৈরিতে সহায়তা করেছেন, এমন সরকারি কর্মকর্তাদের খুঁজে বের করার নির্দেশও পুলিশকে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত আসামে সংশোধিত নাগরিক তালিকা নিয়ে চলা বিতর্কের মধ্যেই এ নির্দেশনাটি এলো।
রাজ্যের পুলিশ প্রধান ওপি সিং বলেন,
‘এনআরসি’র সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমাদের রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষিত করতে নিয়মতান্ত্রিক পদক্ষেপের অংশ হিসেবেই এই নির্দেশ দেওয়া হয়েছে।’
উত্তর প্রদেশ পুলিশকে রেল, বাস স্টেশনসহ পরিবহন কেন্দ্রগুলোতে এবং জেলাগুলোর আশপাশের বসতিগুলোতে চিরুনি অভিযান চালাতে এবং সন্দেহভাজন যে কারও নথিপত্র পরীক্ষা করে দেখার আদেশ দেওয়া হয়েছে। সব শ্রমিকের পরিচয়ের প্রমাণ রাখা তাদের দায়িত্ব বলে নির্মাণ কোম্পানিগুলোকে জানিয়ে দিয়েছে পুলিশ।
গত মাসে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসামের এনআরসি প্রশংসা করে বলেছিলেন, প্রয়োজন হলে তার রাজ্যেও একই ধরনের পদক্ষেপ নেবেন তিনি।
আসামের নাগরিক তালিকা বা এনআরসি (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন্স) থেকে ১৯ লাখ বাসিন্দা বাদ পড়েছেন। নিজেদের নাগরিকত্বের প্রমাণ দিতে না পারলে তাদের রাজ্যটি থেকে বের করে দেওয়ার কথা বলা হয়েছে।
