ইকার্দির গোলে পিএসজির তুরস্ক জয়

আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ১০:৩১ এএম

পিএসজির হয়ে প্রথম গোলের দেখা পেলেন মাউরো ইকার্দি। আর্জেন্টাইন এই স্ট্রাইকারের একমাত্র গোলে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

ইস্তাম্বুলে মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় পিএসজি। ম্যাচে ৫২তম মিনিটে একমাত্র গোলটি করেন ইকার্দি।

নিষেধাজ্ঞার জন্য আগে থেকেই দলে ছিলেন না পিএসজির আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেইমার। ছিলেন আরেক তারকা স্ট্রাইকার এদিনসন কাভানিও। দলে থাকলেও প্রথমার্ধে একাদশে ছিলেন না ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়া খেলতে নামা পিএসজি ছিল ছন্দহারা। প্রথমার্ধে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। মিডফিল্ডারদের পারফরম্যান্সও ছিল ছন্নছাড়া।

দ্বিতীয়ার্ধে দি মারিয়া মুসলেরাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। ৫২তম মিনিটে ম্যাচে পার্থক্য গড়ে দেন ইকার্দি। স্প্যানিশ আক্রণাত্মক মিডফিল্ডার পাবলো সারাবিয়ার পাসে বল পেয়ে খুব কাছ থেকে বাঁ পায়ের শটে জাল খোঁজে নেন ইকার্দি।

ম্যাচের সময় ঘন্টা খানেক পার হওয়ার পর ইকার্দিকে তুলে আনেন কোচ টমাস টুখেল। মাঠে নামানো হয় এমবাপেকে। তাতে আক্রমণের গতি বাড়ে সফরকারীদের। তবে আর গোলের দেখা পায়নি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। গোল শোধ করতে পারেনি গালাতাসারাইও।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জয় পেল পিএসজি। আগের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।

এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। গ্রুপের অপর ম্যাচে ব্রুজের সঙ্গে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করা রিয়াল ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত