ঐশ্বরিয়া রাই বচ্চন। ভক্তদের ধারণা, বয়স বাড়লেও সাবেক এই বিশ্ব সুন্দরীর রূপে এর কোনো ছাপ পড়েনি। তাই নায়িকাকে ঠিকঠাকভাবে উপস্থাপনা না করতে পারলে সমালোচনা হবেই!
কিছুদিন আগেই আন্তর্জাতিক প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়াল আয়োজিত ‘প্যারিস ফ্যাশন উইক’-এর মঞ্চ মাত করেছেন ঐশ্বরিয়া।
ডোলচে অ্যান্ড গাব্বানার দামি ফ্লোরাল স্মোক পোশাকে হিল্লোল তুলেছিলেন অনেকের মনে। তার ওই ‘গ্ল্যাম লুক’ কেউ কেউ পছন্দ করলেও ডিজাইনার ওয়েনডেল রড্রিক্সের একেবারেই মনে ধরেনি।
আয়োজক সংস্থার ওপর ক্ষোভ উগরে দিয়ে ইনস্টাগ্রাম পেজে তিনি লেখেন, “ল’রিয়াল, পৃথিবীর অন্যতম সুন্দরীকে সাজানোর সুযোগ পেয়েও ব্যর্থ হলে তোমরা? এভাবে কেউ মেক-আপ করে?”
আরও লেখেন, “যত তাড়াতাড়ি সম্ভব ড্রেস ডিজাইনারকে তাড়িয়ে দেওয়া উচিত। সামনেই হ্যালোউন। ডিজাইনারকে সেই কথা জানিয়ে এখনই তাকে বহিষ্কার করো।”
ওয়েনডেলের ওই পোস্টের সমর্থনে মুহূর্তেই হাজার খানেক মন্তব্য পড়েছে। কেউ লেখেন, “আমি তো ভাবতেই পারছি না উনি কীভাবে এমন একটি পোশাক পরতে রাজি হয়ে গেলেন?” কেউ আবার লেখেন, “ঐশ্বরিয়ার সামনে কি কোনো আয়না ছিল না?”
এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক দিন পর র্যাম্পে হাঁটলেন ঐশ্বরিয়া। কে জানত এই অবস্থা হবে সেখানে!
সিনেমা থেকেও অনেকটা দূরে আছেন অভিনেত্রী। সর্বশেষ রাজকুমার রাওয়ের সঙ্গে ‘ফ্যানি খান’-এ পর্দা ভাগাভাগি করেন তিনি। মাঝে শোনা গিয়েছিল, স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে অনুরাগ কাশ্যপ ও মনি রত্মমের ছবিতে অভিনয় করবেন।
