পাহাড় ভেঙে পড়বে এখনই মাথার ওপর। তছনছ হয়ে যাবে কুঁড়েঘরে সাজানো সংসার। কেড়ে নেবে স্ত্রী-সন্তানসহ প্রিয়জনদের জীবন। বর্ষা মৌসুম এলে চোখে ঘুম আসে না এই চিন্তায় পাহাড়ি বাসিন্দাদের। বাংলাদেশে মৃত্যুর ঝুঁকি নিয়ে লক্ষাধিক পরিবার পাহাড়ের একদম গা ঘেঁষে ঘর তৈরি করে পরিজন নিয়ে বসবাস করছে। পাহাড় ধসে মাটির নিচে চাপা পড়ে প্রতি বছর বর্ষাকালে পাহাড়ি বাসিন্দাদের মৃত্যুর ঘটনা চোখে পড়ার মতো। পাহাড়ের ওপর বসতঘর দেখে মনে হয় পরিবারগুলো যেন মৃত্যুকূপে বসবাস করছে। এসব পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রায় সময়ই ব্যাপক তৎপরতা দেখা যায়। পুনর্বাসনের তেমন কোনো উদ্যোগ না থাকায় পাহাড়ি বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার অনেক পাহাড়ি এলাকায় প্রায় প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি ঘটে। তা সত্ত্বেও দরিদ্র এবং অসচেতন মানুষগুলো ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। তাদের দাবি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছেÑ দেশের সরকারি খাস জায়গা-জমি পাহাড়ি বাসিন্দা ও ভূমিহীনদের নামে বরাদ্দ দেওয়া হোক। তাহলে এরকম ঝুঁকির মধ্যে তাদের বসবাস করতে হবে না।
অশোক থাপা, চট্টগ্রাম
