অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছে সরকারবিরোধী প্রধান জোট জাতীয় ঐক্যফ্রন্ট। গতকাল বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান জোটের অন্যতম শরিক গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।
এর আগে গতকাল দুপুরে হঠাৎ করেই রাজধানীর মতিঝিলে ফ্রন্টের আহ্বায়ক গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের আইনি চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক হয়। বৈঠক শেষে পাঠানো বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিনে দুর্নীতিবিরোধী অভিযানে রাষ্ট্রের ক্ষত ও বেআইনি কার্যকলাপের চিত্র ও রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের অবাধ বাণিজ্য, আইনের শাসনকে অবজ্ঞা করার যে রূপ প্রকাশিত হয়েছে তা ভয়বাহ ও ভয়ংকর। কেবল সরকারের আশ্রয়-প্রশ্রয়ে ও মদদে রাষ্ট্রীয় ব্যবস্থায় এই ধরনের অনিয়ম অপকর্ম সম্ভব। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে, বর্তমান অগণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র বড় ধরনের অভ্যন্তরীণ সংকটে নিপতিত হবে এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। বিবৃতিতে বলা হয়, ধ্বংসপ্রাপ্ত শাসন-প্রশাসন ব্যবস্থা পুনরুদ্ধার, সাংবিধানিক-গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পুনর্বহাল ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে দ্রুত পদত্যাগ করে জাতীয় সরকার ঘোষণা করুন। অবিলম্বে কারাবন্দি খালেদা জিয়াকে মুক্তি দিন। বিদ্যমান রাজনীতি ও শাসনতান্ত্রিক সংকট নিরসনে আন্দোলনরত রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোকে নিয়ে জাতীয় সংলাপ করে পথ নির্ধারণ সময়ের দাবি।
ঐক্যফ্রন্ট গঠনের দিন ঢাকায় সমাবেশ : বৈঠকে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দেশ রূপান্তরকে জানান, জাতীয় ঐক্যফ্রন্ট আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে। এছাড়া আগামী ১৩ অক্টোবর ঐক্যফ্রন্ট গঠনের বছরপূর্তি উপলক্ষে ঢাকায় সমাবেশ করা হবে। অনুমতি সাপেক্ষে যেকোনো উন্মুক্ত স্থান বা ঘরোয়াভাবে এ সমাবেশ করা হবে। তিনি জানান, বৈঠকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, সংসদ বাতিল করে অবিলম্বে জাতীয় সরকার গঠন, ক্যাসিনোর সঙ্গে জড়িত চুনোপুঁটি নয়, রাঘব-বোয়ালদের গ্রেপ্তারের দাবিতে চলতি অক্টোবর ও নভেম্বর মাসে ঢাকার বাইরে চট্টগ্রাম-সিলেটসহ কয়েকটি বিভাগীয় শহরে ঐক্যফ্রন্টের ব্যানারে সমাবেশ হবে। এসব সমাবেশে ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, ঐক্যফ্রন্টের পরবর্তী বৈঠক আগামী ৬ অক্টোবর মতিঝিলে ড. কামালের আইনি চেম্বারে হবে। ওইদিন সব কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
বৈঠকে সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন। অংশ নেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, গণফোরামের জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যর ডা. জাহেদ উর রহমান, শহীদুল্লাহ কায়সার প্রমুখ।
