সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও গতি আনতে এবং ই-টেন্ডারিং শতভাগ নিশ্চিত করতে খোলা হয়েছে ‘প্রকিউরমেন্ট সেল’। বিভিন্ন মন্ত্রণালয়ের ২৭টি দপ্তরকে ছয়টি ভাগ করে খোলা এই সেলে একজন দায়িত্বশীল কর্মকর্তাকেও নিয়োগ দেওয়া হয়েছে। সেন্ট্রাল প্রকিউরমেন্ট ইউনিট (সিপিটিইউ) থেকে কেন্দ্রীয়ভাবে এগুলোকে মনিটরিং করা হচ্ছে। সেলটি সিপিটিইউ ও ক্রয়কারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করবে। চলতি বছরের মাঝামাঝি বিশ্বব্যাংকের অর্থায়নে একটি প্রকল্পের আওতায় এ ধরনের কার্যক্রম শুরু করে সরকার।
সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, প্রকিউরমেন্ট সেল সংস্থাগুলোর প্রকিউরমেন্ট ফোকাল পয়েন্ট হিসেবে ভূমিকা পালন করবে। এ ফোকাল পয়েন্টটি সংস্থার প্রকিউরমেন্ট ‘নলেজ ব্যাংক’ হিসেবে কাজ করবে। পাশাপাশি সরকারি ক্রয়ের ক্ষেত্রে সৃষ্ট প্রক্রিয়াগত ও আইটি সংশ্লিষ্ট জটিলতা নিরসনে কাজ করবে। সরকারি ক্রয়ের ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধি, আদর্শ দরপত্র দলিল সম্পর্কে ব্যাখ্যা ও স্পষ্টীকরণ, সংস্থার নিজস্ব লোকবলকে প্রশিক্ষণ দেওয়া ও দরপত্র স্পেসিফিকেশন তৈরির ক্ষেত্রেও সহযোগিতা করবে। একই সঙ্গে এটি ইজি-পি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।
কর্মকর্তারা জানান, সরকারের ক্রয় সংক্রান্ত ২৭টি দপ্তরের কাজ শুরু করেছে এ প্রকিউরমেন্ট সেল। বাংলাদেশ পুলিশ, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং জাতীয় ক্রীড়া পরিষদসহ এই পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠন করা হয়েছে সেলের এক ভাগ। এ সেলের কার্যক্রম পরিচালনার জন্য পুলিশ সদর দপ্তরের একটি অফিসও খোলা হয়েছে।
গণপূর্ত অধিদপ্তর, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ (সিঅ্যান্ডএজি), অফিস অব দ্য কন্ট্রোলার জেনারেল অব বাংলাদেশ (সিজিএ) এবং খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে গঠিত সেলের আরেকটি ভাগ কার্যক্রম চালাচ্ছে সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নিচতলায়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, রাজধানী উন্নয়ন কর্র্তৃপক্ষ (রাজউক), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), ঢাকা ওয়াসা এবং চট্টগ্রাম ওয়াসার সমন্বয়ে সেলের আরেকটি ভাগ কার্যক্রম চালাচ্ছে মতিঝিলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ভবনে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই চারটি সংস্থার সমন্বয়ে একটি গঠিত প্রকিউরমেন্ট সেলের ভাগটি কার্যক্রম চালাচ্ছে মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ভবনে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত সেলের কার্যক্রম চলছে কারওয়ান বাজার পরিবার-পরিকল্পনা ভবনে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস অধিদপ্তর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ এই চারটি সংস্থাকে নিয়ে কাজ করছে আরেকটি সেল। এর কার্যক্রম চলছে ফার্মগেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে।
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. শাহাদাত হোসেন গতকাল বুধবার দেশ রূপান্তরকে বলেন, ‘সরকার ক্রয় সংক্রান্ত কাজে গতি আনতে ও স্বচ্ছতা বাড়াতে মূলত প্রকিউরমেন্ট সেল গঠন করেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে এ সেল কাজ করছে। গণপূর্ত অধিদপ্তরের প্রকিউরমেন্ট সেলের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদকে। চলতি বছরের মে মাসে আমরা এ সেল গঠন করেছি।
