ঢাকা উত্তর সিটি নির্বাচন

তাবিথকে নিয়ে আজ মাঠে নামছেন বিএনপি নেতারা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০২:৪৬ এএম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কর্মকা- শুরু করে দিয়েছে বিএনপি। আসন্ন এই নির্বাচন নিয়ে এত দিন অনানুষ্ঠানিক কর্মকা- পরিচালনা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি মহানগর নেতারা। তারা বলেন, দল গোছানোর পাশাপাশি আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কাজ করবেন তারা। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে উত্তরের ৫৪টি ওয়ার্ডে যাবেন মহানগর নেতারা। সঙ্গে থাকবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল মিন্টু।

উত্তর বিএনপির ওই নেতারা বলেন, গতবার ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এবার দক্ষিণে প্রার্থী হতে পারেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে দলের নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন। সিটি নির্বাচন সামনে রেখে কাজ শুরু করার বিষয়ে জানতে চাইলে তাবিথ আউয়াল গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। এর অংশ হিসেবে আমি কাজ শুরু করে দিয়েছি। আজ বৃহস্পতিবার থেকে মহানগর উত্তর বিএনপির নেতাদের নিয়ে ধারাবাহিকভাবে ৫৪টি ওয়ার্ডে যাব। এ সময় ওয়ার্ডের কমিটির সর্বশেষ অবস্থা জানার পাশাপাশি কোথাও কমিটি না থাকলে সে বিষয়ে মহানগর নেতাদের নিয়ে কাজ করব।’ তিনি বলেন, ‘সম্প্রতি আমি ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ার পর ঢাকার জনগণকে সচেতন করতে রাজপথে নেমেছিলাম। জনগণকে সচেতন করতে তাদের মাঝে লিফলেট বিতরণ করেছি। মিরপুরের চলন্তিকা বস্তিতে যখন অগ্নিকা-ের ঘটনা ঘটেছিল তখন ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শনের পাশাপাশি কয়েকটি পরিবারকে সহায়তা করেছি। এ ছাড়া বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তসলিমা বেগম রেণুর পরিবারের পাশে দাঁড়িয়েছি। এভাবে আগামী দিনেও ঢাকার জনগণের যেকোনো সংকটে তাদের পাশে দাঁড়াব।’  

আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় ঢাকার সিটি নির্বাচন সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন মহানগর উত্তরের নেতাদের নিয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল মিন্টু, উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সাবেক কমিশনার আনোয়ার হোসেন, এ জি এম শামসুল হকসহ বিভিন্ন ইউনিটের নেতারা। বৈঠক সম্পর্কে জানতে চাইলে বাড্ডা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ জি এম শামসুল হক দেশ রূপান্তরকে বলেন, সিটি করপোরেশন নির্বাচন ঘনিয়ে আসছে। এ অবস্থায় দলের প্রার্থীর পক্ষে কীভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করা যায় তা নিয়ে মহাসচিব আমাদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন; বিশেষ করে মহাসচিব উত্তরের সবগুলো ওয়ার্ডে ধারাবাহিকভাবে বৈঠক করার নির্দেশনা দিয়েছেন। শিগগিরই তালিকা করে ওয়ার্ডে ওয়ার্ডে সভা হবে। তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির পর শিগগিরই দক্ষিণের নেতাদের নিয়েও দলের মহাসচিব বৈঠক করবেন।

উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, ঢাকা মহানগর উত্তরে মোট ৫৪টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে বৈঠক করবেন মেয়র প্রার্থী তাবিথ। আগামী বৃহস্পতিবার থেকে এ বৈঠক শুরু হবে।

বিএনপি মহাসচিবের সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা বৈঠক করলেও তাতে অংশ নেননি উত্তর বিএনপির একটি অংশ। বৈঠকে অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে মহানগর উত্তর বিএনপির সহসভাপতি এ কে এম মোয়াজ্জেম হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের না জানিয়ে তারা বৈঠক করেছেন। এ কারণে অংশ নিতে পারিনি।  তা ছাড়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান অনেক অনিয়ম করেন। বৈঠকে আমরা যোগ দিলে তাদের এ অনিয়মের জবাব দিতে হবে বিধায় সম্ভবত আমাদের ডাকা হয়নি।’

এ কে এম মোয়াজ্জেমের এমন অভিযোগের বিষয়ে উত্তরের দপ্তর সম্পাদক আবদুর রাজ্জাক দেশ রূপান্তরকে বলেন, ‘সবাইকে মেসেজ দেওয়া হয়েছে। কেউ না এলে তো আর জোর করে আনা যাবে না।’

২০১১ সালের ২৯ নভেম্বর জাতীয় সংসদে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধনী) বিল, ২০১১ পাসের মাধ্যমে ঢাকা শহর দ্বিখ-িত হয় এবং আনুষ্ঠানিকভাবে ঢাকা সিটি করপোরেশন বিলুপ্ত হয়। এরপর ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হয়। তখন বিএনপি উত্তরে মনোনয়ন দিয়েছিল দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ ও দক্ষিণে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। তবে নির্বাচনের দিন দুপুর ১২টায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত