আরও দুর্বল হয়েছে বাংলাদেশি পাসপোর্ট

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০২:৫১ এএম

বৈশ্বিক পাসপোর্ট সূচক ২০১৯-এর তালিকায় বাংলাদেশের পাসপোর্ট আগের চেয়ে দুর্বল হয়েছে। গত বছরের তুলনায় দুই ধাপ কমে এখন অবস্থান বিশ্বে ৯৯তম। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক নাগরিকত্ব ও পরিকল্পনাবিষয়ক সংস্থা হ্যানলি অ্যান্ড পাসপোর্ট পার্টনার্সের করা পাসপোর্ট সূচকে এ তথ্য জানানো হয়।

ভিসা ছাড়া শুধু পাসপোর্ট দিয়ে বিদেশ গমনের ওপর জরিপের ভিত্তিতে এ র‌্যাঙ্কিং করা হয়েছে। গতকাল বুধবার প্রকাশিত তালিকায় বাংলাদেশের পরেই আছে লেবানন ও উত্তর কোরিয়া। উভয়েরই অবস্থান ১০০তম। এরপরেই আছে নেপালের নাম।

কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী, তা নির্ভর করে ওই পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসা ছাড়াই যাওয়া যায় তার ওপর। ভিসা ছাড়া যাওয়া বলতে বোঝায় ‘অন অ্যারাইভাল ভিসা’। বাংলাদেশ থেকে এখন ৪০টি দেশে অন অ্যারাইভাল ভিসায় যাওয়া যায়।

সূচকের ১ নম্বরে জাপান ও সিঙ্গাপুর; ২ নম্বরে ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জার্মানি; ৩ নম্বরে ডেনমার্ক, ইতালি, লুক্সেমবার্গ; ৪ নম্বরে ফ্রান্স, স্পেন, সুইডেন এবং ৫ নম্বরে আছে অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও পর্তুগালের নাম।

অন্যদিকে সবচেয়ে কম ক্ষমতাধর পাসপোর্টের তালিকায় ১০৭ নম্বরে আফগানিস্তান, ১০৬ নম্বরে ইরাক, ১০৫ নম্বরে সিরিয়া, ১০৪ নম্বরে সোমালিয়া ও পাকিস্তানের নাম রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত