বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করতে চায় সরকার। গতকাল বুধবার সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য উপস্থাপন করা হয়।
কার্যপত্রে উল্লেখ করা হয়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সমন্বয় কমিটির কাছে মোট ৮৯টি ইভেন্টের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০টি দেশীয় ও ৩৯টি আন্তর্জাতিক টুর্নামেন্ট। এসব খেলাধুলা বা টুর্নামেন্ট আয়োজনের জন্য ৩০৬ কোটি ২৩ লাখ টাকার সম্ভাব্য বাজেট অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। জানা গেছে, বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে মুজিববর্ষ পালন উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যেসব কর্মসূচি গ্রহণ করেছে, সেগুলো তুলে ধরা হয়। বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাকে সম্পৃক্ত করে ৩৬৫ দিনের ক্রীড়া ক্যালেন্ডার গঠনের কথাও জানায় মন্ত্রণালয়। সংসদীয় কমিটি এর আগের বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে ‘এশিয়া বনাম রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ বা ‘বাংলাদেশ বনাম রেস্ট অব দ্য এশিয়া’ গলফ টুর্নামেন্টের সুপারিশ করেছিল।
এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে মন্ত্রণালয় যেসব খেলাধুলার আয়োজন করবে তার সবগুলোই বঙ্গবন্ধুর নামে হবে বলে কমিটিকে জানিয়েছে। মুজিববর্ষ উপলক্ষে নৌকা বাইচসহ দেশীয় ও লোকজ খেলা আয়োজনের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় গাজীপুর, জামালপুর, কুড়িগ্রাম ও বগুড়ায় নৌকা বাইচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিল, ২০১৯’ পরীক্ষা-নিরীক্ষার জন্য কমিটির সদস্য এ এম নাঈমুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি সাব-কমিটি গঠন করা হয়। বৈঠকে নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি উপজেলায় প্রশিক্ষণ ও বিনোদনকেন্দ্র স্থাপনের লক্ষ্যে আগামী তিন মাসের মধ্যে ডিপিপি প্রণয়ন করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে কমিটি সুপারিশ করে।
কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, নাজমুল হাসান, আবদুস সালাম মুর্শেদী, জুয়েল আরেং, এ এম নাঈমুর রহমান ও জাকিয়া তাবাসসুম অংশ নেন।
