প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর টাকা সোনা লুট

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০২:৫৪ এএম

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর অশ্বদিয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে দুই বখাটে। গত মঙ্গলবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ গতকাল দেশ রূপান্তরকে জানান, গত মঙ্গলবার দুপুরে কাশিনগর বাজার অগ্রণী ব্যাংক শাখা থেকে স্বামীর পাঠানো ১ লাখ টাকা তুলে বাড়িতে আসেন তিনি। ওই টাকা আলমারিতে রাখেন। রাতে ১০ বছর বয়সী ছোট মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ঘুমের ঘোরে টের পান সিলিংয়ের ওপর থেকে শব্দ আসছে। কিছুক্ষণ পরে টর্চলাইট হাতে ঘরের ভেতরের দরজা দেখেন এলাকার কুদ্দুছ (৩৮) ও শাহজাহান (৪০)। দুই বখাটে তার হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

জ্ঞান ফিরলে উঠে দেখেন আলমারি ভেঙে ১ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে তারা।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করার কথা বলেন তিনি।

ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : সিদ্ধিরগঞ্জে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে। তার নাম শাহরিয়ার। গত মঙ্গলবার সন্ধ্যায় মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ছাত্রীর সঙ্গে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছাত্রলীগকর্মী শাহরিয়ারের। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই ছাত্রীর বাসায় ঢুকে ধর্ষণের চেষ্টা করে। ছাত্রীর মা পোশাক কারখানায় কাজ করেন। সন্ধ্যায় কর্মস্থল থেকে ফিরে এসে দেখেন মেয়ে কান্নাকাটি করছে। কারণ জানতে চাইলে ধর্ষণচেষ্টার কথা জানায় ছাত্রী। এ সময় শাহরিয়ার ঘরেই ছিল। জানাজানি হলে প্রতিবেশীরা শাহরিয়ারকে আটক করে। তবে স্থানীয় ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান ১০-১২ জন লোক নিয়ে এসে শাহরিয়ারকে ছাড়িয়ে নিয়ে যান। রাত ৯টায় থানায় গিয়ে অভিযোগ করেন ছাত্রীর মা।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জানান, মেয়ের মা বলেছিলেন মীমাংসা করে দেওয়ার জন্য। কিন্তু ছেলের মা বিয়েতে রাজি হননি। আটক শাহরিয়ারকে জোর করে ছাড়িয়ে আনার অভিযোগ সঠিক নয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ছাত্রী ও তার মা থানায় এসে লিখিত অভিযোগ দিয়েছেন। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নওগাঁয় তরুণী ধর্ষণের শিকার : নওগাঁর রানীনগর উপজেলায় এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় হাফিজুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফিজুল ওই তরুণীর ফুফাতো ভাই বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, চার বছর আগে পরিবারের সঙ্গে ঢাকায় যান ওই তরুণী। সেখানে তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। দেড় বছর পর ফুপাতো ভাই হাফিজুল ইসলাম তাদের ভাড়া বাসায় আড়াই বছর একসঙ্গে ছিলেন। এর মধ্যে ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন। কিছুদিন আগে তরুণীরা সপরিবারে গ্রামে নিজ বাড়িতে ফিরে আসেন। এ সময় তরুণীর বাড়িতে গিয়ে জানান কালই ওই তরুণীকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করে ঘরে তুলবেন। বিয়ের প্রলোভন দিয়ে ওই রাতেই তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর একাধিক বার হাফিজুলের সঙ্গে যোগাযোগ করা হলে বিয়ে করতে রাজি হয়নি। এর কিছুদিন পর ওই তরুণী বাদী হয়ে আদালতে মামলা করেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুলকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে বুধবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত