লক্ষ্মীপুরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল আলমের পিটুনিতে আহত হয়ে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বলা হচ্ছে, গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের রামানন্দি গ্রামে তাদের পিটুনি দেন তিনি। আহতরা হলেন লাহারকান্দি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) জাকির হোসেন মাসুদ ও তার স্ত্রী সুইটি বেগম। হাসপাতালে চিকিৎসাধীন ইউপি সদস্য জাকির হোসেন মাসুদ বলেন, সকালে আমাদের পারিবারিক কবরস্থানের নিরাপত্তা দেয়াল নির্মাণের কাজ শুরু করি। এতে ছাত্রলীগ নেতা আশরাফুল আলমের বাবা বদরুল আলম ও তার ছোট ভাই নিশান এসে বাধা দেয়। খবর পেয়ে আশরাফ ও তার মেঝ ভাই খোরশেদ এসে আমাদেরকে লাঠিসোঁটা ও ক্রিকেটের স্টাম্প দিয়ে এলোপাতাড়ি পেটায়। স্থানীয়দের সহযোগিতায় আমরা হসপিটালে ভর্তি হই।
অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা আশরাফুল আলম বলেন, আমাদের জমির ওপরে তারা দেয়াল নির্মাণ করছিল। এতে আমার বাবা ও ছোট ভাই বাধা দিলে তাদেরকে মাসুদ হেনস্তা করে। খবর পেয়ে আমি ঘটনাস্থল যাই। কিন্তু তাদের মারধরের ঘটনা সত্য নয়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাটি খতিয়ে দেখা হবে।
