বাংলাদেশ ম্যাচের আগে ভারতীয় দলে চোটের হানা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ০৬:১২ পিএম

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশ-ভারত ম্যাচ। কলকাতার বিখ্যাত সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এরই মধ্যে যে ম্যাচের উত্তাপ ছড়াতে শুরু করেছে। তবে প্রতিবেশী বাংলাদেশকে আতিথ্য দেওয়ার ম্যাচের আগে চোট হানা দিয়েছেন ভারত শিবিরে। ডিফেন্ডার রাহুল ভেকে ছিটকে গেছেন বাংলাদেশ ম্যাচ থেকে।

বাংলাদেশ ম্যাচের জন্য গুয়াহাটিতে প্রস্তুতি ক্যাম্প করবে ভারত। বেঙ্গালুরু এফসির তারকা রাহুল ২৯ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ছিলেন। কিন্তু প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই ছিটকে যেতে হলো তাকে।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এক টুইট বার্তায় রাহুল ভেকের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করে। তবে কী ধরনের ইনজুরি বা রিকভারির জন্য কতটা সময় লাগবে এ নিয়ে কিছু বলা হয়নি সেই টুইটে। অবশ্য রাহুলের দ্রুত সুস্থতা কামনা করেছে তারা।

২৮ বছর বয়সী রাহুল ভেকের জাতীয় দলে অভিষেক হয় গত জুনে থাইল্যান্ডে কিংস কাপে। বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে ভারত এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে। ওমান ও কাতারের বিপক্ষে দুই ম্যাচেই খেলেছেন রাহুল ভেকে।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ৫ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওমানের মুখোমুখি হয়েছিল ভারত। ১-২ ব্যবধানে ম্যাচটিতে হার মানে দলটি। এরপর শক্তিশালী কাতারের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা।

১৫ অক্টোবর কলকাতায় বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ খেলার পর ১৪ ও ১৯ নভেম্বরে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে ভারত। প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান ও ওমান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত