জিতে খুশি তবে তৃপ্ত নন জেমি

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০২:১৯ এএম

দল জিতলে কোচের ভালো লাগবেই। ভুটানকে দ্বিতীয় প্রীতিম্যাচে ২-০ ব্যবধানে হারানোর পর সেটা জেমি ডের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু শিষ্যদের পারফরমেন্স মন ভরাতে পারেনি এই ইংলিশ কোচের। এই ম্যাচে তার শিষ্যরা তৃপ্তিদায়ক ফুটবল উপহার দিতে ব্যর্থ হয়েছে, মনে করেন কোচ। তবে বিশ্বকাপ বাছাইপর্বে প্রবল প্রতিপক্ষ কাতারের মোকাবিলার আগে ভুটানের বিপক্ষে পাওয়া দুটি জয় শিষ্যদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, এটাই বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

কাতারের বিপক্ষে ম্যাচটা আর ছ’দিন পর। ভুটানের বিপক্ষে ম্যাচ দুটি যে কৌশলে খেলেছে বাংলাদেশ, সেই কৌশল কাতারের বিপক্ষে প্রয়োগের প্রশ্নই আসে না। কাতার বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন। ২০২২ বিশ^কাপের আয়োজক হিসেবে তাদের মাঠের প্রস্তুতিটাও চলছে দীর্ঘদিন ধরে। সব মিলিয়ে ম্যাচটা ঢাকায় হোক কিংবা দোহায়, তাদের হারিয়ে দেওয়া বা ড্র করার মতো প্রায় অসম্ভব স্বপ্ন বাংলাদেশিদের চোখেও নেই। বাস্তবতা বুঝেই জেমি বাকি ছয় দিন শিষ্যদের দেবেন রক্ষণ দীক্ষা। কাতারের ম্যাচের প্রস্তুতি নিয়ে জেমি বলেন, ‘এ দুটি ম্যাচে যে ঘাটতিগুলো পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করব। তবে এটা ঠিক ভুটানের বিপক্ষে জোড়া জয়ে ছেলেদের আত্মবিশ্বাস বাড়বে।’

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ডিফেন্ডার ইয়াসিন খান। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সিতে দুটি গোল করা ইয়াসিন বলেন, ‘অনেক দিন পর গোল পেলাম। মাঝে চোটের জন্য অনেক দিন খেলিনি। এখন চোট থেকে ফিরে গোল পেলাম। আশা করি এটা সামনে ধরে রাখতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত