প্রাথমিকে শিক্ষক নিয়োগ

ঢাকায় মৌখিক পরীক্ষা শুরু ১৫ অক্টোবর

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০২:৫৪ এএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ঢাকা জেলার মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৫ অক্টোবর। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঢাকা জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষক নিয়োগ-২০১৮-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের

মৌখিক পরীক্ষা আগামী ১৫ অক্টোবর শুরু হবে। চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা ও দুপুর ২টায় দুই ধাপে এ পরীক্ষা নেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে, সহকারী শিক্ষকদের মৌখিক পরীক্ষা আগামী ৬ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নেওয়া হবে। এ সময়ের মধ্যে দেশের ৬১ জেলায় সংশ্লিষ্ট দপ্তর তাদের সুবিধামতো সময়ে মৌখিক পরীক্ষা নেবে। প্রার্থীর সংখ্যা অনুযায়ী প্রতিটি জেলায় ৩-৭ দিন পর্যন্ত ২০ নম্বরের এ পরীক্ষা নেওয়া হবে। এ সিদ্ধান্তের ভিত্তিতেই ঢাকা জেলায় ১৫ অক্টোবর ২১২, ১৬ অক্টোবর ২১২, ১৭ অক্টোবর ২১২, ২২ অক্টোবর ২১২, ২৩ অক্টোবর ২১২ ও শেষের দিন ২১১ জনের মৌখিক পরীক্ষা নেওয়ার কথা রয়েছে।

ডিপিই থেকে আরও জানা গেছে, মৌখিক পরীক্ষার জন্য তিন সদস্যের কমিটিতে সভাপতি হিসেবে জেলা প্রশাসক, সদস্য সচিব প্রাথমিক জেলা শিক্ষা কর্মকর্তা ও সদস্য হিসেবে সংশ্লিষ্ট জেলার একজন শিক্ষা অনুরাগী থাকবেন। তারা প্রার্থীকে সার্টিফিকেট ও ভালো ফলাফলের জন্য ৫ নম্বর, আচরণ ও পোশাকের ওপর ৫ নম্বর, সাধারণ জ্ঞান ও এক্সট্রা-কারিকুলামসহ মোট ২০ নম্বরের ওপর মূল্যায়ন করবেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌখিক পরীক্ষা শেষে প্রার্থীদের প্রাপ্ত নম্বর সরাসরি বুয়েটের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এরপর চ‚ড়ান্ত ফল প্রকাশ করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত