রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে চীন যাতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখে সে লক্ষ্যে পদক্ষেপ নিতে বলেছেন। চীনে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মাহবুব উজ জামান গতকাল বৃহস্পতিবার বিকেলে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি তাকে এ পরামর্শ দেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি দুই দেশের বিরাজমান সম্পর্ক আরও জোরদারের ওপরও জোর দেন।
প্রেস সচিব রাষ্ট্রপতিকে উদ্ধৃত করে বলেন, ‘চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। বাণিজ্য বিনিয়োগসহ বিভিন্ন খাতে উন্নয়ন অংশীদারিত্বও এখন খুবই চমৎকার।’ আবদুল হামিদ নতুন রাষ্ট্রদূতকে তার দায়িত্বের মেয়াদে দুই দেশের সম্পর্ক আরও জোরদারে কাজ করার আহবন জানান। নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে তার চীন অবস্থানকালে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। বঙ্গভবনের সঙ্গে সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (এশিয়া ও প্যাসিফিক) পেশাদার ক‚টনীতিক মাহবুব উজ জামান ১৯৮৫ সালে ফরেন সার্ভিসে যোগ দেন। এর আগে তিনি সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেনেভা ও নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এবং টোকিও, অটোয়া ও নয়াদিল্লির বাংলাদেশ মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বাসস।
