সৌদি আরব থেকে ১৩০ বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর মুখে সেখান থেকে তারা বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান গণমাধ্যমকে জানান, ব্র্যাকের মাধ্যমে ওয়েজ আর্নার ওয়েলফেয়ার বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌদি ফেরত শ্রমিকদের খাবারসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে।
সৌদি ফেরত শ্রমিকরা জানান, মধ্যপ্রাচ্যের দেশটিতে প্রতিদিন শত শত শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে। তারপর তাদের ফেরত পাঠানোর জন্যে ক্যাম্পে রাখা হচ্ছে।
ফেরত আসা শ্রমিকদের বরাত দিয়ে শরিফুল আরো জানান, বৈধ কাগজ থাকা সত্ত্বেও তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। অথচ ফোনে যোগাযোগের পরও তাদের মালিকরা কোনো ব্যবস্থা নেয়নি।
এ নিয়ে চলতি বছরে অন্তত ১২ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
