২৫ অক্টোবর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে অংশ নিতে ৩ অক্টোবর বৃহস্পতিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। এ দিন বিকেলে এফডিসিতে এসে সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছে মনোনয়নপত্র জমা দেন মিশা সওদাগর ও জায়েদ খান। মনোনয়নপত্র জমা দেয়ার সময় মিশা-জায়েদের সঙ্গে ছিলেন ডিপজল, আলেক জেন্ডার বো ইমন, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, অঞ্জনা, রোজিনাসহ একঝাঁক শিল্পীরা। এছাড়াও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুও এ সময় তাদের সঙ্গে ছিলেন।
মিশা-জায়েদ প্যানেলে এবার তারকাশিল্পীদের মধ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল, বাপ্পারাজ, অঞ্জনা সুলতানা, রোজিনা। এ ছাড়া এই প্যানেল থেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জাকির হোসেন, জয় চৌধুরী, মারুফ, জেসমিনসহ অনেকে।
সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনে শুরু থেকেই মিশা-জায়েদ ও মৌসুমী-তায়েব প্যানেলের নাম শোনা যাচ্ছিল। দুই প্যানেল থেকে মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত মৌসুমী-তায়েব প্যানেলের শুধু মৌসুমী একা স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন। এ ছাড়া সহসভাপতি পদে নানা শাহ, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাঙ্কু পাঞ্জা, কোষাধ্যক্ষ পদে সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২১টি পদের বিপরীতে ২৬টি ফরম জামা পড়েছে। নির্বাচন কমিশনার মনোনয়ন ফরম বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থীতা শেষে আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।
