ইউএই’র সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ০১:৫০ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে গ্রেপ্তার হয়েছেন দেশের ২৩ শীর্ষ সন্ত্রাসীর অন্যতম জিসান আহমেদ ওরফে মন্টি। তাকে কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে এখন চলছে নানা আলোচনা। কারণ তাকে ফিরিয়ে আনতে যে বন্দিবিনিময় চুক্তি লাগবে সেই চুক্তি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের নেই।

গতকাল পুলিশ সদর দপ্তরের একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়ে বলেন, আমিরাতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি না থাকায় সরকারের উচ্চপর্যায়ের সমন্বিত ক‚টনৈতিক উদ্যোগ ছাড়া জিসানকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। কারণ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে এই সন্ত্রাসীর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেড

 ওয়ারেন্ট জারি থাকলেও সংশ্লিষ্ট দেশ তাকে ফেরত দিতে বাধ্য নয়।

পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ভারত ও থাইল্যান্ড ছাড়া বিশ্বের আর কোনো দেশের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি নেই। কাজেই তাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বেশ কিছু বাধা রয়েছে। জিসানকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের জোর ক‚টনৈতিক প্রচেষ্টার পাশাপাশি সংযুক্ত আরব-আমিরাত সরকারের সদিচ্ছাও লাগবে।

পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর এআইজি মহিউল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, বন্দিবিনিময় চুক্তির বাইরেও অপরাধীকে দেশে ফিরিয়ে আনার নজির আছে। এ ক্ষেত্রে পুরো বিষয় নির্ভর করছে পারস্পরিক সদিচ্ছা বা সমঝোতার ওপর। এই সমঝোতা হওয়া সম্ভব শুধু ক‚টনৈতিক তৎপরতার মাধ্যমে।

তবে দুবাইয়ে আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ রূপান্তরকে বলেন, সন্ত্রাসী জিসানের বিরুদ্ধে অনেক আগেই রেড ওয়ারেন্ট জারি করা ছিল। এখন তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত