মেহেরপুরে দুই দল সন্ত্রাসীর মধ্যে কথিত বন্দুকযুদ্ধে ইসমাইল হোসেন বাক্কা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে সদর উপজেলার নতুন দরবেশপুরে এ ঘটনা ঘটে। বাক্কা চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়ি গ্রামের মোল্লাপাড়ার মৃত সাদেক আলীর ছেলে। বারাদী ক্যাম্পের ইনচার্জ
এসআই আব্বাস আলী জানান, নতুন দরবেশপুর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে অভিযানে যায় পুলিশ। পরে একটি আমবাগান থেকে গুলিবিদ্ধ বাক্কাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসআই আব্বাস বলেন, স্থানীয়রা বাক্কার পরিচয় শনাক্ত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে।
