লড়াইটাও করতে পারল না পাকিস্তান

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১২:২৮ এএম

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। সফরকারীরা ম্যাচ জিতেছে ৬৪ রানের বড় ব্যবধানে। এই জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল দাসুন শানাকার নেতৃত্বাধীন দল।

শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান করে লঙ্কানরা। জবাবে ১৭.৪ ওভারে মাত্র ১০১ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক পাকিস্তান।

করাচিতে তিন ম্যাচের ওয়ানডেতে সিরিজ ২-০ তে নিজেদের করেছিল পাকিস্তান। প্রথম ওয়ানডে ম্যাচটা পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টির লড়াইয়ে অবশ্য শ্রীলঙ্কা দেখা দিল অন্যরূপে। ইসুরু উদানা ও নুয়ান প্রদিপের বোলিং তোপে পাকিস্তানের ব্যাটাররা লড়াই জমাতে পারেনি।

স্কোর বোর্ডে মাত্র ২২ রান যোগ হতেই বাবর আজম (১৩), উমর আকমল (০) ও আহমেদ শেহজাদ (৪) বিদায় নেন। প্রথম দুজনকে ইনিংসের দ্বিতীয় ওভারে পর পর দুই বলে ফেরান প্রদিপ। আর শেহজাদকে ফেরান উদানা।

এরপর অধিনায়ক সরফরাজ আহমেদ ২৪ ও ইফতিখার আহমেদ ২৫ রানে বিদায় নিলে পাকিস্তান আর লড়াই করতে পারেনি। বাকিদের মধ্যে ছিল আসা যাওয়ার মিছিল। প্রদিপ ও উদানা ৩ উইকেট করে নিয়েছেন। এ ছাড়া জোড়া উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

এর আগে বোলিংয়ে পাকিস্তানের পক্ষে ইতিহাস গড়েন ফাস্ট বোলার মোহাম্মদ হাসনাইন। সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা এই পেসার। কিন্তু তার রেকর্ডের দিনটা রাঙাতে পারেননি সতীর্থরা।

লঙ্কান ওপেনার দানুস্কা গুনাথিলাকা ফিফটি করেন। সর্বোচ্চ ৫৭ রান আসে তার ব্যাট থেকে। এ ছাড়া ৩৩ রান করেন আভিস্কা ফার্নান্দো। ৩২ রান আসে অভিষিক্ত ভানুকা রাজাপাকসের ব্যাট থেকে। ম্যাচসেরা হয়েছেন গুনালিথাকা।

সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত