‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা। গতকাল শনিবার রাজধানীর কাকরাইলে স্কাউট ভবনের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তারা।
সংগঠনের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন বলেন, বেলা ১১টায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও এমপিওভুক্তিকরণসহ চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। কিন্তু পুলিশ তাতে বাধা দেয়। তিনি বলেন, ‘আজ শিক্ষক সমাজ অবহেলিত ও বিভিন্নভাবে হয়রানির শিকার। আজ আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মাওলানা মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, প্রিন্সিপাল আব্দুর রহমান প্রমুখ।
