স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্য চাইলেন চঞ্চল মাহমুদ

আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ০১:৫৩ পিএম

ঢাকার মডেলিং ফটোগ্রাফির অন্যতম পুরোধা চঞ্চল মাহমুদ। বিশেষ করে নব্বই দশক ও এরপরে সাড়া জাগানো অনেক বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রের তারকাকে পরিচিতি দিয়েছিল তার তোলা ছবি। সেই নন্দিত চিত্রশিকারী অর্থকষ্ট নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দিলেন।

তিনি লেখেন, “৪৮ বছর ফটোগ্রাফি করেছি- কত স্টার, সুপারস্টার আর মেগাস্টার তৈরি করেছি। কিন্তু রয়ে গেছি অন্তরালে- চিকিৎসা খরচ বহন করতে করতে আজকে নিঃস্ব আমি। বন্ধুরা দয়া করে সাহায্য করুন।”

চঞ্চল জানান, তার স্ত্রী মিতুর শরীরে ক্যানসার ধরা পড়েছে। তিনিও ভালো নেই, ভুগছেন হৃদ্‌রোগে। স্ত্রী চিকিৎসার জন্য সবার সাহায্য চাইলেন।

শনিবার রাতে চঞ্চল মাহমুদ ফেইসবুকে লেখেন, “আজকে আমার মনটা ভীষণ খারাপ। আমার প্রিয় ফেইসবুক বন্ধুরা আজকে অনেক কষ্ট নিয়ে আপনাদের লিখছি - আমার স্ত্রী রায়না মাহমুদ মিতুর শরীরে ক্যানসার ধরা পড়েছে। চিকিৎসা শুরু হয়েছে - আর এ জন্য অনেক টাকার প্রয়োজন - আর আমারও এ পর্যন্ত তিনবার হার্ট অ্যাটাক হয়েছে - আমারও চিকিৎসা চলছে।”

আরও লেখেন, “এই ১২ বছরে আমাদের সবকিছুই শেষ। আমাদের দুজনের চিকিৎসা চালানো আর সম্ভব হচ্ছে না। অনেক টাকাই দরকার মিতুর ক্যানসার চিকিৎসার জন্য- কয়েকদিনের মধ্যে মিতুকে টাটা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চালিয়ে যেতে হবে।”

এই সেলিব্রিটি ফটোগ্রাফারকে টাকা পাঠানো যাবে এই নম্বর ও ঠিকানায়; চঞ্চল মাহমুদ, ০১৭১১৫২২১২৬। অ্যাকাউন্ট নাম: চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি,  ঢাকা ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা, অ্যাকাউন্ট নম্বর: ২০৫-১০০-৮৯৬২।

৬৪ বছরের চঞ্চল সবশেষে লেখেন, “এত দিন মানুষকে সাহায্য করেছি - আজকে আমি নিঃস্ব - বন্ধুরা। আমরা দুজনই এতিম, ভাই-বোন কেউই নাই। এ ছাড়া আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার দৃষ্টি আকর্ষণ করছি - এই মহা বিপদের হাত থেকে আমাদের রক্ষা করুন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত