মোস্তফা সরয়ার ফারুকী’র নতুন ছবি ‘নো ল্যান্ডস ম্যান’সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে মেলবোর্নভিত্তিক থিয়েটার শিল্পী মেগান মিচেল-এর। তার সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন প্রযোজক প্রযোজক শ্রীহারি শাথে।
সংবাদ মাধ্যম স্ক্রিন ডেইলি’র তথ্যানুযায়ী, ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। ২০২০ সালের প্রথম ধাপে শুরু হবে ছবির শুটিং। ছবির চিত্রনাট্যে ফারুকীর সঙ্গে আরও আছেন ডেভিড বারকার।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘২০২০ সালের প্রথম দিকেই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করছি। এরই মধ্যে প্রযোজক হিসেবে শ্রীহারি শাথে’কে পেলাম। ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড জেতা একজন প্রযোজক তিনি। আমার জন্য এটা সত্যিই আনন্দের বিষয়।’
ছবিতে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবে থাকছেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকী।
ফারুকী জানান, সিনেমাটি ইংরেজি ভাষায় নির্মাণ করা হবে। যেখানে একজন দক্ষিণ ভারতীয় মানুষের পরিচয় সঙ্কটের সঙ্গে ঘটনাবহুল, অদ্ভুত এবং কিছুটা কৌতুকময় জীবন যাত্রার গল্প উঠে আসবে। তবে সেই মানুষটির অন্যরকম কিছু ঘটনা দেখা যাবে যখন অস্ট্রেলিয়ান এক নারীর সঙ্গে তার দেখা হবে আমেরিকায়।
উল্লেখ্য, ছবিটি প্রযোজনা করছে মোস্তফা সরয়ার ফারুকীর প্রতিষ্ঠান ‘ছবিয়াল’, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রতিষ্ঠান ‘ম্যাজিক ইফ ফিল্মস’ এবং প্রযোজক শ্রীহারি শাথে।
