২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন। গত বৃহস্পতিবার ২১টি পদের বিপরীতে ২৬টি ফর্ম জমা পড়ে। যাচাই-বাছাইয়ের পর গতকাল শনিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশনার।
এদিকে যাচাই-বাছাইয়ের পর তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনজন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা বাতিল হওয়ায় এ পদে জ্যাকি আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সাইফুল ইসলাম চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এ জন্য তার প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত ও কোষাধ্যক্ষ পদে ফরহাদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।
সংগঠনটির দ্বি-বার্ষিক নির্বাচনে এবার মাত্র একটি প্যানেল রয়েছে মিশা-জায়েদ প্যানেল। চিত্রনায়িকা মৌসুমী প্যানেল গড়তে চাইলেও শেষ পর্যন্ত সম্ভব হয়নি। পরে স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন।
তা ছাড়া সহ-সভাপতি পদে নানা শাহ, সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরা, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাঙ্কু পাঞ্জা স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
